সেই ছেলেটিকে আটক করে টাকা ফেরতের দৃশ্য ভিডিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি থানার পুলিশ কর্তৃক নিরীহ যুবককে হুন্ডি ব্যবসায়ীর হুমকি দিয়ে এক লাখ টাকা নেওয়ার ঘটনা মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ গত সোমবার গভীর রাতে মোবারক হোসেন নামের সেই যুবককে আবার আটক করে।
তাঁকে থানায় আটকের পর সাংবাদিকদের কোনো তথ্য দিলে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। ফলে গতকাল মঙ্গলবার সকাল থেকে ছেলেটি ও তাঁর বাবা ওবায়দুল হক ঘর ছেড়ে পালিয়ে গেছেন।
স্থানীয় মোহামঞ্চদ ছোটন জানান, ফটিকছড়ি থানার পুলিশের এএসআই এম এ মাজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার গভীর রাতে মোবারককে ঘর থেকে তুলে নিয়ে যান। সেই সঙ্গে মোবারকের চাচাকেও রাতে থানায় নিয়ে আসে পুলিশ। ভিডিওদৃশ্য ধারণের পর তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার মোবারকের বাড়িতে গিয়ে তাঁর মাকে ছাড়া কাউকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে মোবারক বলেন, ‘পুলিশ সোমবার রাতে আমাকে আবারও ঘর থেকে তুলে নিয়ে টাকা ফেরত দেওয়ার দৃশ্যের ভিডিও ধারণ করে। কাউকে কিছু বললে বিপদ আছে বলে জানায়। সাংবাদিকদের কিছু বললে আমাকে ধরে মামলা দেবে।’
সাংবাদিকেরা মোবারকের বাবার সঙ্গে দেখা করতে চাইলে তাঁকেও পাওয়া যায়নি। ওই এলাকার মো. ইকবাল হোসেন বলেন, পুলিশের ধমকে তাঁরা বাড়ি ছেড়ে সবাই পালিয়েছেন।
গতকাল সন্ধ্যায় ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূঁইয়া ভিডিওদৃশ্য ধারণ করার কথা অস্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ গতকাল প্রথম আলোয় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে চট্টগ্রামের পুলিশ সুপার বিষয়টি হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেন।
পুলিশ সুপার বলেন, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রোববার ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নিরীহ যুবককে আটক করে এক লাখ টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় ফটিকছড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘পুলিশের খরচ ১ লাখ টাকা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।