সেই ছয়টি পরিবারের বিরুদ্ধে উল্টো জিডি
বগুড়ার কাহালু উপজেলার ঢেকড়া গ্রামের সেই ছয়টি পরিবারের বিরুদ্ধে বেড়া তুলে নেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ঢেকড়া গ্রামের নিরেন্দ্রনাথ প্রামাণিক তাঁর বাড়ির সামনের খলার পূর্বদিকের রাস্তার ওপর বেড়া দিয়ে সুকুমার চন্দ্র মণ্ডল ও তাঁর পাঁচ ভাইয়ের যাতায়াতে বাধার সৃষ্টি করে। এ ব্যাপারে ১১ নভেম্বর প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এরপর কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ লোকজন দিয়ে ১৪ নভেম্বর ওই বেড়া তুলে দেন। এদিকে নিরেন্দ্রনাথ প্রামাণিক গত মঙ্গলবার তাঁর ঘরবাড়ি ভাঙচুর ও জায়গা দখলের অভিযোগ এনে সুকুমার চন্দ্র মণ্ডল ও তাঁর ভাইদের নামে থানায় জিডি করেন। সুকুমার চন্দ্র মণ্ডল বলেন, পুলিশ আমার অভিযোগের কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমার বিরুদ্ধে জিডি নিয়েছে। মেয়র হেলাল উদ্দিন কবিরাজ বলেন, ‘সুকুমার মণ্ডল ঘটনা জানানোর পরপরই আমি লোক দিয়ে বেড়া তুলে দিয়েছি। পুলিশ কেন তাঁর বিরুদ্ধে জিডি নিল, তা আমার জানা নেই।’কাহালু থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ‘সুকুমার মণ্ডলের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাঁকে আদালতের মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু জোরপূর্বক বেড়া তুলে নেওয়ায় আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় নিরেন্দ্রনাথের জিডি নিয়েছি।’