সেই জঙ্গি নেতা কাউসার বসেছিলেন ব্যবসা খুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের খাতায় তিনি রাষ্ট্রদ্রোহ মামলার পলাতক আসামি। অথচ লোকচক্ষুর সামনেই সাজিয়ে বসেছিলেন ব্যবসা।তিনি সৈয়দ কাউসার হুসাইন সিদ্দিকী। রাজশাহী নগরের রাজপাড়া এলাকার হড়গ্রাম পশ্চিমপাড়ার সৈয়দ মোহাম্মদ সাদেক আলীর ছেলে।তাঁর বড় পরিচয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘শাহদাত-ই-আল হিকমা’র প্রধান। তাঁর সম্পর্কে সাংবাদিকেরা খোঁজখবর নিতে গেলে বিষয়টি জানাজানি হয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নগরের রাজপাড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কাউসারের অপকীর্তির কথা। শাহদাত-ই-আল হিকমার কার্যক্রম চালানোর জন্য প্রথম ২০০২ সালের ২২ এপ্রিল কাউসারকে গ্রেপ্তার করা হয়। নগরের রাজপাড়া থানায় তাঁর নামে একটি প্রতারণার মামলা হয়। এরপর ১১ আগস্ট জামিনে মুক্তি পেয়ে পুনরায় কার্যকলাপ চালানোর অভিযোগে ২৩ সেপ্টেম্বর তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। ২৯ সেপ্টেম্বর তিনি আবার জামিনে বের হয়ে আসেন। মুক্তি পেয়ে ২০০৩ সালের ৮ ফেব্রুয়ারি নগরে সংবাদ সম্মেলন করে নিজেকে দলের চেয়ারম্যান দাবি করে সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন। এরপর ২৫ মার্চ বোয়ালিয়া থানার পুলিশ তাঁর নামে আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলা করে। এদিকে আদালতের খাতায় পলাতক থাকলেও কাউসার নগরের ডিঙ্গাডোবা (নিমতলা) এলাকায় একটি চারতলা বাড়ি (নম্বর ১০২) ভাড়া নিয়ে ‘হিমালয় বেভারেজ কোম্পানি লি.’ নামে একটি ব্যবসা খুলে বসেছিলেন। তিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁর স্ত্রী বেলী বেগম পরিচালক। ১৪ জুলাই কোম্পানিতে ১০ জন এজিএম, ছয়জন প্রশাসনিক কর্মকর্তাসহ ৭৩টি পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে স্থানীয় একটি কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয়।গত সোমবার কোম্পানির কার্যালয়ে যান এই প্রতিবেদক। সেখানে গিয়ে দেখা যায়, অভ্যর্থনা কক্ষ থেকে শুরু করে বিভিন্ন তলার প্রতিটি কক্ষে একটি করে টেবিল ও চেয়ার পাতা রয়েছে। আসবাব বলতে আর কিছুই নেই। কোম্পানি চালানোর টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে কাউসার দাবি করেন, কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তিনি ঠিকাদারি শুরু করেন। তাছাড়া তাঁর শ্বশুর একজন ধনাঢ্য ব্যক্তি। সেখান থেকেও তিনি কয়েক কোটি টাকা পাবেন। এসব তথ্য জানাজানি হওয়ার পর গতকাল রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাররম হোসেন তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।