সেই জমিতে আমন লাগাচ্ছেন কৃষকেরা
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ফলিমারীর সেই ৩০০ একর জমিতে আমন ধান লাগাতে শুরু করেছেন কৃষকেরা। প্রশাসনের হস্তক্ষেপে দোলার ওই জমি জলাবদ্ধতা থেকে মুক্ত হয়।
স্থানীয় কয়েকজন জানান, বর্ষায় ওই দোলার অতিরিক্ত পানি কুর্শা গ্রামের খলিল রহমান, মতিয়ার রহমান ও আতাউর রহমানের জমির ওপর দিয়ে ঢেলামারীর দোলায় গিয়ে পড়ে। সেখান থেকে চেংমারী হয়ে পানি চিকিল নদে যায়। কিন্তু মাস দুয়েক আগে খলিল তাঁর জমির পাশের সতীঘাট সেতুর কাছে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন। আর মতিয়ার ও আতাউর তাঁদের জমির ওপর আইল দেন। এতে ওই দোলার পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ৩০০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না করতে পেরে এলাকাবাসী তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন। গত ২৮ জুলাই প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘৩০০ একর জমিতে আমন লাগাতে পারছেন না কৃষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ইউএনও গোলাম মওলা ও উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম সরেজমিনে অভিযোগের সত্যতা পান।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, ফলিমারী দোলার অতিরিক্ত পানি নেমে গেছে। কৃষকেরা ওই দোলায় আমন লাগাচ্ছেন। কুর্শা গ্রামের কৃষক আবদুল হাই জানান, দু-এক দিনের মধ্যে দোলার সব জমিতে আমন লাগানো শেষ হবে।