সেই জমির স্থাপনা সরানো হয়নি, হচ্ছে নতুন ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে সরকারি খাসজমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়নি। উপরন্তু ওই জমিতে এখন পাকা ভবন নির্মাণের কাজ চলছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, জাঙ্গিরাই মৌজার ৪৮০৭ নম্বর দাগে প্রায় দুই একর সরকারি খাসজমি আছে। ওই জমির একপাশে খাল। জুড়ী নদী থেকে শুরু হওয়া ওই খালটি জাঙ্গিরাই গ্রাম হয়ে হাকালুকি হাওরে মিলেছে। বর্ষায় ওই খাল দিয়ে আশপাশের এলাকার পানিনিষ্কাশন হয়। শুষ্ক মৌসুমে স্থানীয় লোকজন খালের পানি সেচে বোরো ধান ও রবিশস্যের আবাদ করেন। বেশ কিছুদিন আগে আবুল হোসেন নামের এক ব্যক্তি জাঙ্গিরাই গ্রামের মুজিবুর রহমানের কাছ থেকে নয় শতক জমি কেনেন। ওই জমিটি সরকারি খাসজমির লাগোয়া। গত জুলাই মাসের শুরুতে আবুল হোসেনের নিয়োগ করা শ্রমিকেরা কেনা জমিসহ খাসজমির সাড়ে তিন শতক জায়গা ঘিরে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। এ সময় খালের দুপাশে মাটি ভরাট করে একটি কালভার্টও নির্মাণ করা হয়।
খাসজমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে গত ৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি কার্যালয় থেকে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ৭ আগস্ট ইউএনও পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করতে আবুল হোসেনের নামে নোটিশ পাঠান। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে স্থাপনা অপসারণ করা হয়নি। ইউএনও বিষয়টি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) জানান। ২৯ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক অবৈধ স্থাপনা অপসারণে সাত দিনের সময়সীমা বেঁধে আবুল হোসেনের নামে আবার নোটিশ পাঠান। এর পরও তা অপসারণ হয়নি।
২০ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, সীমানাপ্রাচীরের ভেতরে সাত-আটজন শ্রমিক ভবন নির্মাণের কাজ করছেন। নিচের ভিত্তি এবং কয়েকটি পিলার নির্মাণ সম্পন্ন হয়েছে।
আবুল হোসেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন। বক্তব্য জানতে খোঁজ করে আবুল হোসেনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি।
জুড়ীর ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, তিনি এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে প্রতিবেদন পাঠিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী মুঠোফোনে গত রোববার (২৬ অক্টোবর) প্রথম আলোকে জানান, অবৈধ স্থাপনা অপসারণ হয়েছে কি না, তা জানিয়ে প্রতিবেদন দিতে জুড়ীর ইউএনওকে চিঠি দেওয়া হয়েছিল। প্রতিবেদন পাওয়া গেছে। এখন হাকিম পাঠিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
১৯ আগস্ট প্রথম আলোয় ‘জুড়ীতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।