সেই জলাশয় ভরাট বন্ধে বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধসংলগ্ন তিন একর আয়তনের জলাশয়ে মাটি ভরাট বন্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। সম্প্রতি জলাশয়ের পাশে একটি গাছে ওই বিজ্ঞপ্তি লেখা সাইনবোর্ডটি টাঙিয়ে দেন পাউবোর নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলী। তিনি বলেন, ‘ওই জলাশয়ে যাতে অবৈধভাবে আর কেউ মাটি/বালু ভরাট করতে না পারে, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও যদি কেউ নির্দেশ অমান্য করে এটি ভরাট করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘অবৈধভাবে নেওয়া জলাশয়ের ইজারা বাতিলের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হবে।’১৯৯৩ সাল থেকে স্থানীয় মাছচাষিরা পাউবোর কাছ থেকে জলাশয়টি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। কিন্তু গত বছরের জুনে এটি সেলিনা বেগম ও মমতাজ বেগম নামের দুজনের কাছে অবৈধভাবে ইজারা দেন চাঁদপুর পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী। ইজারা গ্রহীতারা কয়েক দিন আগে সেখানে বালু দিয়ে ভরাট শুরু করলে মাছচাষিরা এর প্রতিবাদে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন।এ ব্যাপারে ১৯ ও ২০ জুন প্রথম আলোয় যথাক্রমে ‘বনায়নে জলাশয় ভরাট!’ ও ‘জলাশয় রক্ষায় মানববন্ধন’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।