সেই জাকির মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের মিল থাকায় অন্যজনের সাজা খাটা নারায়ণগঞ্জের মো. জাকির হোসেনকে তাৎক্ষণিক মুক্তি দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর কারাবাস অবৈধ ঘোষণা করে এ রায় দেন। জাকিরকে আটক করার দায়ে আড়াইহাজার থানার তৎকালীন পুলিশের তিন কর্মকর্তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ছয় মাসের মধ্যে তাঁদের এই অর্থ জাকিরকে দিতে বলা হয়। তাঁরা হলেন, তৎকালীন পুলিশ পরিদর্শক (ওসি) এম এ রাজ্জাক, দুই উপপরিদর্শক মো. খুরশীদ আলম ও মো. সহিদুল ইসলাম। ক্ষতিপূরণের টাকা দেওয়ার পর বিষয়টি আদালতকে অবহিত করতে বলা হয়। এ ছাড়া এই তিন পুলিশের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত জাকিরকে খুঁজে বের করতেও বলেছেন আদালত।আদালতের রায়ের পর দুপুর সাড়ে ১২টার দিকে জাকির মুক্তি পান। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘এই কারাবাসের কারণে আমার জীবনে অনেক কষ্ট নেমে এসেছে। দুই সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।’ গত ২১ জুন ‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় একটি দৈনিকে। ওই দিনই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ। প্রাথমিক শুনানি নিয়ে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পাশাপাশি জাকিরকে ১৫ জুলাই আদালতে হাজির করতে নির্দেশ দেন হাইকোর্ট। ধার্য তারিখে আদালত ‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন’—এই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেন। এ নির্দেশ অনুসারে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের তদন্ত প্রতিবেদন গত সোমবার হাইকোর্টে দাখিল করে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। এ ছাড়া এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনও আদালতে দাখিল করা হয়। গতকাল শুনানি নিয়ে আদালত রায় দেন। জাকির হোসেনকেও কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশেক মোমেন। এ ছাড়া আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদও শুনানি করেন।