সেই জামায়াত নেতায় ভরসা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ পুড়িয়ে দেওয়াসহ উপজেলায় ব্যাপক সহিংসতা ও তাণ্ডবের চারটি মামলার প্রধান আসামি জামায়াত নেতাকে চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে জেলা বিএনপি। এতে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তবে বহিষ্কারের ভয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কথা প্রকাশ্যে কথা বলছেন না।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব তুলে ২০১৩ সালের ৩ মার্চ নন্দীগ্রামে ব্যাপক তাণ্ডব ও সহিংসতা চালায় জামায়াত-শিবির। ওই ঘটনায় নন্দীগ্রাম থানায় দায়ের হওয়া চারটি মামলায় প্রধান আসামি করা হয় উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডলকে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ৩ মার্চের সহিংসতার ঘটনার চারটি মামলার মধ্যে থানায় হামলা মামলায় নুরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্য মামলার তদন্ত শেষ পর্যায়ে। তবে এসব মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন।
নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, চেয়ারম্যান পদে নন্দীগ্রামে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তাঁরা হলেন উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তহিদুর রহমান খান চৌধুরী, থালতা-মাজগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলী, পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ, মহাজোটের অন্যতম শরিক জাসদ-সমর্থিত প্রার্থী কামরুজ্জামান কামরুল এবং বিএনপির সমর্থক হিসেবে পরিচিত শ্রাবণী আখতার বানু।
বিএনপি সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে বগুড়ার নয় উপজেলায় দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা দেয়। এর মধ্যে নন্দীগ্রামসহ চারটি উপজেলায় জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিএনপি। জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানানোর পর নন্দীগ্রামে নিজেদের পক্ষে নির্বাচনী প্রচারণায় নিষ্ক্রিয় হয়ে পড়েন বিএনপি নেতা আহসান বিপ্লব ও ইলিয়াস আলী। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে তহিদুর রহমান এবং শ্রাবণী আখতার এখনো প্রচারণার মাঠে রয়েছেন। অপর দিকে জেলা আওয়ামী লীগ থেকে আনিছুর রহমানকে সমর্থন দেওয়ার পরও প্রচারণার মাঠে রয়েছেন ইউনুস আলী ও রেজাউল আশরাফ।
নাম প্রকাশ না করার শর্তে দলটির উপজেলা পর্যায়ের একজন ত্যাগী নেতা বলেন, বিএনপি এখানে এককভাবেই শক্তিশালী। জামায়াতের প্রার্থীকে সমর্থন না দিয়ে নিজেদের দলের সব প্রার্থীকে নিয়ে সমঝোতা বৈঠকে বসতে পারতেন জেলার নেতারা। কিন্তু তা না করে তাঁরা তাঁদের সিদ্ধান্ত তৃণমূল নেতাদের ওপর চাপিয়ে দিয়েছেন। আরেক নেতা বলেন, জামায়াতের প্রার্থী ৩ মার্চের সহিংসতার চার মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে একটি খুনের মামলাও বিচারাধীন। এ রকম একজন বিতর্কিত নেতাকে দলীয় সমর্থন দেওয়ায় দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দলের এমন একজন নেতা বলেন, ‘টাকার কাছে দলীয় স্বার্থের কোনো মূল্য নেই। জামায়াতের নেতাকে সমর্থন দিয়ে জেলার নেতৃত্ব সেটা আরেকবার প্রমাণ করেছেন।’
জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়ার ব্যাপারে তৃণমূলের মতামত না নেওয়ার বিষয়টি স্বীকার করে নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, দলীয় কোনো সভাও হয়নি। জেলার নেতারা সিদ্ধান্তের কথা সংবাদ সম্মেলন করে তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন।
যোগাযোগ করা হলে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, মাঠ জরিপের পাশাপাশি ১৯ দলের জেলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অমান্য করে যেসব উপজেলায় এখনো বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়েছেন, শিগগিরই তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।