সেই জাহাজ নিয়ে সভা শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই জাহাজে বিষাক্ত বর্জ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি আগামী শনিবার বৈঠক করবে। বৈঠকে কমিটি তাদের কর্মপদ্ধতি নির্ধারণ করবে।

গত শনিবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মাসুদ করিমকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর নর্থ সি প্রডিউসার (বর্তমান নাম এমটি প্রডিউসার) নামের জাহাজটি ভাঙার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান জনতা স্টিল করপোরেশনকে চিঠি দেয় পরিবেশ অধিদপ্তর।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন উর রশিদ পাঠান বলেন, ‘কমিটি গঠনের পর আমরা জাহাজ কাটা বন্ধ রাখতে জনতা স্টিলকে চিঠি দিয়েছি।’

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শনিবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে বৈঠকে বসবে কমিটি। কমিটির সদস্য বিস্ফোরক অধিদপ্তরের চট্টগ্রামের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা আগামী শনিবার বৈঠক করব। এরপর আমাদের কর্মপন্থা নির্ধারণ করা হবে।’

২০১৬ সালের ১৪ আগস্ট বাংলাদেশে পৌঁছায় জাহাজটি। এর দুই দিন পর জাহাজটিকে সীতাকুণ্ডের মাদামবিবির হাটে জনতা স্টিলের জাহাজভাঙা ইয়ার্ডে নেওয়া হয়। এরপর জাহাজটি ভাঙা শুরু হয়। ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম বলছে, জাহাজটিতে তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে দূষিত বর্জ্য থাকতে পারে।

এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় “‘বিষাক্ত বর্জ্যবাহী’’ জাহাজ ভাঙা হচ্ছে সীতাকুণ্ডে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।