সেই জাহাজ পরিদর্শন করেছে তদন্ত কমিটি
বিষাক্ত বর্জ্য আছে কি না, তা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির সদস্যরা গতকাল শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবির হাটে গিয়ে সেই জাহাজ পরিদর্শন করেছেন।
গত ১৪ আগস্ট নর্থ সি প্রডিউসার (বর্তমান নাম এমটি প্রডিউসার) নামের জাহাজটি বাংলাদেশে পৌঁছায়। এর দুই দিন পর জাহাজটিকে সীতাকুণ্ডের মাদামবিবির হাটে জনতা স্টিল করপোরেশনের জাহাজভাঙা ইয়ার্ডে নেওয়া হয়। এরপর জাহাজটি ভাঙা শুরু হয়। ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম বলছে, জাহাজটিতে তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে দূষিত বর্জ্য থাকতে পারে।
এ নিয়ে ৫ নভেম্বর প্রথম আলোয় ‘বিষাক্ত বর্জ্যবাহী’ জাহাজ ভাঙা হচ্ছে সীতাকুণ্ডে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল দুপুরে কমিটির সদস্যরা মাদামবিবির হাটের জনতা স্টিল করপোরেশনের জাহাজভাঙা ইয়ার্ডে পৌঁছান। তবে পরিদর্শনের সময় এবং এর আগে-পরে সাংবাদিকদের ইয়ার্ডে ঢুকতে দেওয়া হয়নি। কমিটির সদস্য বিস্ফোরক অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিদর্শক তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমরা আজ (গতকাল) পরিদর্শন করেছি। আগামীকাল যন্ত্রপাতি নিয়ে আবার জাহাজটিতে যাব। এরপর কমিটির আহ্বায়ক সাংবাদিকদের সব জানাবেন।’