সেই জুনায়েদ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি লেকের পাশে নুরুল্লাহকে মারধর করা সেই জুনায়েদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে জুনায়েদ তাঁর আইনজীবীর মাধ্যমে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক কে এম শামসুল আলম জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদালতের পেশকার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
১৩ মার্চ সকালে ধানমন্ডি লেকের পাড়ে নুরুল্লাহ নামে এক কিশোরকে মারধর করেন জুনায়েদ। মারধরের ঘটনাটি অন্য একজন ভিডিও করেন। ভিডিওতে ওই যুবককেও কথা বলতে শোনা যায়।
পরে এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। মারধরের প্রতিবাদে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। পরদিন নুরুল্লাহ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করে।
মারধরের ভিডিওতে দেখা যায়, জুনায়েদের এক বান্ধবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে নরুল্লাহকে মারধর করা হচ্ছে। নুরুল্লাহ অভিযোগ অস্বীকার করে মারধর বন্ধ করার মিনতি করলেও জুনায়েদ থামছেন না। তিনি দম্ভের সঙ্গে ফিল্মি কায়দায় নুরুল্লাহকে চড়-থাপড় ও লাথি মারছেন।