সেই টিলার মাটি কাটা বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামে কনই মিয়ার টিলা থেকে মাটি কাটা বন্ধ হয়নি। প্রশাসন মাটি কাটার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কনই মিয়া তাঁর টিলার ওপরের অংশ থেকে শ্রমিক নিয়োগ করে মাটি কাটেন। কিছুদিন বন্ধ থাকার পর গত বুধবার রাত থেকে আবারও তিনি মাটি কাটা শুরু করেছেন।
এ বিষয়ে ১ নভেম্বর প্রথম আলোয় ‘টিলা কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে বসতঘর’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। টিলা কাটার বিষয়ে কনই মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল ইসলাম জানান, কালিনগরে টিলা কেটে মাটি বিক্রির বিষয়টি তিনি ২৪ অক্টোবর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় উত্থাপন করেছিলেন। কিন্তু পরে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সরকারি প্রশিক্ষণে কিছুদিন দেশের বাইরে থাকায় তিনি এ ব্যাপারে খোঁজ নিতে পারেননি। তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তাকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন।
জায়ফরনগর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রকিব উদ্দিন আহমদ জানান, তিনি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তিনি শিগগিরই ইউএনওর কাছে প্রতিবেদন দেবেন।