সেই ঠিকাদার কারাগারে
রাজধানীর দোলাইরপাড়ে তেজগাঁও সার্কেল অফিসের প্রকৌশলীকে মারধরের মামলায় গ্রেপ্তার ঠিকাদার গোলাম রব্বানীকে গতকাল শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত অপর দুই আসামিকে পুলিশ গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
শ্যামপুর থানার ওসি শেখ মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ঠিকাদার রব্বানীকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তেজগাঁও সার্কেল অফিসার এস এম কামাল হোসেন বলেন, ঢাকার জেলা প্রশাসকের কাছে গোলাম রব্বানীর পিস্তলের লাইসেন্স বাতিলের আবেদন করা হয়েছে।
কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার গোলাম রব্বানী দোলাইরপাড়ের তেজগাঁও সার্কেলের ভূমি কার্যালয়কে বিল দেওয়ার জন্য চাপ দেন। ব্যর্থ হয়ে তিনি দুই সহযোগীকে নিয়ে কর্তব্যরত উপসহকারী প্রকৌশলী সাগর হোসেনকে পেটান এবং কার্যালয়ে ভাঙচুর করেন। ঠিকাদার পিস্তল দিয়ে প্রকৌশলীর মাথায় আঘাত করেন।