সেই তক্ষকটি লাউয়াছড়ায় অবমুক্ত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে উদ্ধার করা সেই তক্ষকটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া অংশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া ওই তক্ষক পাচারে জড়িত থাকার অভিযোগে শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার কানু বলেন, তক্ষকটিকে বস্তায় ভরে ঢাকায় পাচার করা হচ্ছিল। কুলাউড়া পৌর এলাকার মনসুর সড়ক থেকে শাহাদাত হোসেনকে ওই তক্ষকসহ গত বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন মামলা করেন। শাহাদাতের বাড়ি ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায়।আদালতের নির্দেশে তক্ষকটিকে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঞ্জুরুল কাদের, বন বিভাগ মৌলভীবাজার রেঞ্জের কর্মকর্তা মো. মহসিন মিয়া, কুলাউড়া রেঞ্জের সহযোগী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।