সেই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইভাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মাসুম ফকিরকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে গত সোমবার রাতে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।
বখাটে মাসুম ফকির দীর্ঘদিন স্কুলছাত্রী ইসরাত জাহানকে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে গত ২ সেপ্টেম্বর রাতে ইসরাত আত্মহত্যা করে।
মাসুমকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার আমতলী থানার পুলিশ তাঁকে উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস ৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, উপজেলার কৃষ্ণনগর গ্রামের মঞ্জুরুল কবিরের মেয়ে ও কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ইসরাত জাহানকে ছয় মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলেন তার চাচাতো ভাই আবুল বাশারের শ্যালক আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী গ্রামের জলিল ফকিরের ছেলে মাসুম ফকির।