সেই তরুণী খুঁজে পেলেন স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি থেকে বের হয়ে চট্টগ্রামে এসে দুর্ঘটনায় ডান পা হারানো মানসিক ভারসাম্যহীন তরুণীকে খুঁজে পেয়েছেন তাঁর স্বজনেরা। গত বৃহস্পতিবার সুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ওই তরুণী।

হাসপাতাল সূত্র জানায়, প্রথম দিকে ওই তরুণী কেবল নিজের নাম এবং বাড়ি নারায়ণগঞ্জ, এতটুকু বলতে পারতেন। সুস্থ হওয়ার পর বাবার নাম এবং নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বলতে পারেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের পুলিশের সহযোগিতায় স্বজনদের খুঁজে বের করে।

গত ২৯ অক্টোবর এই তরুণীকে নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।

হাসপাতালে নিতে আসা মা নুরুননাহার বেগম বলেন, ‘১৫ বছর বয়স থেকে সে মানসিক ভারসাম্যহীন। সেপ্টেম্বরের প্রথম দিকে একদিন মেয়েটি বের হয়ে যায়। অনেক খুঁজেছি। এভাবে আগেও বের হয়ে যেত। পরে তিন-চার দিন আগে থানা থেকে পুলিশ যায় বাড়িতে। তারা খবর দেয়, মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে চট্টগ্রাম মেডিকেলে আছে। পরে এখানে এসে দেখলাম, আমার মেয়ে পা হারিয়ে বসে আছে।’

কীভাবে দুর্ঘটনা ঘটেছে, প্রথম দিকে বলতে না পারলেও সুস্থ হওয়ার পর ওই তরুণী বলেন, চট্টগ্রামের কোনো এক সড়কে একটি মাইক্রোবাস তাঁর ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে এক রিকশাচালক তাঁকে হাসপাতালের সামনে রেখে যান।

গত ১৭ সেপ্টেম্বর রাস্তায় পড়ে থাকতে দেখে এই তরুণীর চিকিৎসার ব্যবস্থা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি। হাসপাতাল থেকে তাঁর ওষুধ এবং পোশাকও সরবরাহ করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি প্রথম আলোকে বলেন, ‘তরুণীটি হাসপাতালের সামনের রাস্তায় পাগলামি করছিলেন। তাঁর পা-টি কাটা। আমি তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। সে এখন অনেকটা সুস্থ। আমরা স্বজনকেও খুঁজে পেয়েছি। স্বজনের হাতে তাঁকে তুলে দিয়েছি।’

হাসপাতাল ছাড়ার সময় কর্তৃপক্ষ রোগী কল্যাণ সমিতি থেকে একটি হুইলচেয়ার এবং দুটি স্ট্রেচার সরবরাহ করে ওই তরুণীকে। একটি কৃত্রিম পা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।