সেই তরুণীর পরিচয় পেয়েছে পুলিশ
রাজধানীর গুলশানে বনানী লডস ইন নামের আবাসিক হোটেলে অসুস্থ হওয়ার পর হাসপাতালে মারা যাওয়া তরুণীর পরিচয় মিলেছে। তাঁর নাম স্বর্ণা মণি রূপা (২২)। তিনি বাগেরহাটের মনিরুজ্জামান ওরফে ঝন্টুর মেয়ে। পত্রিকায় মৃত্যুর খবর ছাপা হওয়ার পর গতকাল বুধবার বিকেলে তরুণীর মামা আনসারউজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। গত সোমবার সকালে ওই হোটেলের ৩০৫ নম্বর কক্ষ থেকে হোটেল কর্মচারীরা অচেতন অবস্থায় স্বর্ণা মণিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর তিনি মারা যান। রোববার রাতে তাঁরা হোটেলের ৩০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। ওই সময় তরুণ নিজের নাম রফিক মিয়া ও তরুণীকে নিজের স্ত্রী সীমা বলে দাবি করেন। স্বর্ণা মণির মামা আনসারউজ্জামান প্রথম আলোকে বলেন, স্বর্ণা বাবা-মায়ের সঙ্গে বাগেরহাটের মোল্লাহাটের আস্তাইল গ্রামে থাকতেন। বৃহস্পতিবার সকালে স্বর্ণা ভোটার পরিচয়পত্র তোলার কথা বলে বাসা থেকে বের হন। এর পর থেকে আর বাসায় ফিরে আসেননি। আনসারউজ্জামান বলেন, স্বর্ণা মণি কার সঙ্গে কীভাবে ঢাকায় এসেছিলেন, তা পরিবারের লোকজন জানে না। তিন মাস আগে লাভলু হোসেন নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। লাভলু ঢাকায় থাকেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, স্বর্ণা মণির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বর্ণা মণিকে হাসপাতালে নেওয়া দুই হোটেল বয়কে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে স্বর্ণার মৃত্যু হয়। পুলিশ সূত্র জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে। মর্গ সূত্র জানায়, স্বর্ণা মণির ভিসেরা পরীক্ষার জন্য রাসায়নিক পরীক্ষাগারে এবং তাঁর সোয়াব ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে।