চাঁপাইনবাবগঞ্জের ইউনিয়ন পরিষদের (ইউপি) সেই নারী সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেত্রী নূরজাহান বেগমের হাত-পায়ের রগ কেটে দেওয়ার মামলার আসামিরা আওয়ামী লীগেই যোগ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। কাল রোববার শিবগঞ্জে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতেই ওই যোগদান হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপির নারী সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক নূরজাহান অভিযোগ করেছেন, তাঁর ওপর হামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরজাহানের ওপর হামলার প্রধান আসামি মোবারকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান তাঁর অনুসারীদের নিয়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। বিষয়টি নিয়ে আওয়ামী লীগেই মতবিরোধ রয়েছে। আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নূরজাহানের ওপর হামলাসহ আরও কয়েকটি মামলার আসামি চেয়ারম্যান তৌহিদুর ও অন্য আসামিরা আওয়ামী লীগে যোগ দিয়ে মামলাগুলো থেকে রেহাই পেতে চাইছেন।
নূরজাহান বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরছে, শুনছি তিনি এমপির (সাংসদ গোলাম রাব্বানীর) নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।’
এ প্রসঙ্গে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ গোলাম রাব্বানী বলেন, দলের বৃহত্তর স্বার্থে তাঁদের নিতে আমার আপত্তি নেই।