
কথা বলতে পারে না, কানেও শোনে কম। তাই সে তার স্বপ্নের কথা জানিয়েছিল কাগজে লিখে, লেখাপড়া শিখে শিক্ষক হয়ে আলো ছড়াতে চায় প্রতিবন্ধীদের মাঝে। শ্রবণ ও বাক্প্রতিবন্ধী সেই তাসলিমা খাতুন এবার এসএসসি পাস করেছে।
তাসলিমা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্য কর্ণা গ্রামের দিনমজুর বদর উদ্দিনের মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। তাসলিমা জন্ম থেকেই শ্রবণ ও বাক্প্রতিবন্ধী।
গতকাল শনিবার তাসলিমার মা শাহীনা বেগম বলেন, ‘পরিবার অসচ্ছল হলেও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে মেয়েকে বিদ্যালয়ে পাঠাই। শিক্ষকেরা তাকে সব সময় সহযোগিতা করত। সে এবার মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে “বি” গ্রেড (জিপিএ-৩.২৩) পেয়েছে।’
তাসলিমার এ ফলে মা-বাবার পাশাপাশি খুশি তার বিদ্যালয়ের শিক্ষকেরাও। প্রধান শিক্ষক আবু হানিফ খান বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে কাগজে লিখে তাসলিমা সংবাদকর্মীদের জানিয়েছিল, সে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষক হতে চায়। প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে চায়। সে সময় এ নিয়ে একটি সংবাদ প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। এসএসসির এই ফলাফলে সে তার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল।
গত ১০ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘এসএসসি দিচ্ছে তাসলিমা; কথা বলতে পারে না, লিখে জানায় স্বপ্ন’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।
তবে পরীক্ষায় পাস করলেও অসচ্ছল পরিবারের এ মেয়েটি লেখাপড়া চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার মা শাহিনা বেগম বলেন, ‘আমরা চাই সে লেখাপড়া চালিয়ে যাক। কিন্তু কলেজে পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন গতকাল প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী হিসেবে তাসলিমার এ অর্জন অন্য প্রতিবন্ধীদের লেখাপড়া শেখার ব্যাপারে উৎসাহ জোগাবে। তার লেখাপড়ার খরচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে।