সেই তাহেরকে সংবর্ধনা, সোনার চাবি প্রদান
লক্ষ্মীপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আবু তাহেরকে গত মঙ্গলবার লক্ষ্মীপুর বণিক সমিতির পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় তাঁকে সোনার চাবি উপহার দেওয়া হয়।আবু তাহেরকে সংবর্ধনা দেওয়ার জন্য শহরের চকবাজারের প্রধান সড়কে মঞ্চ নির্মাণ করা হয়। এতে মঙ্গলবার দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এ সময় যানবাহনকে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে হয়। সংবর্ধনার কারণে বেলা চারটা থেকে চকবাজার এলাকার দোকানপাট বন্ধ ছিল।সংবর্ধনায় মেয়র আবু তাহের বলেন, লক্ষ্মীপুরে সব দল সমানভাবে রাজনৈতিক অধিকার ভোগ করবে। তিনি বলেন, লক্ষ্মীপুর শহরের অফিসগুলোতে কোনো ধরনের ঘুষ, অনিয়ম বরদাশত করা হবে না। শহরে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি চলবে না।সংবর্ধনা অনুষ্ঠানে বণিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা ব্যবসায়ীদের পক্ষ থেকে মেয়র আবু তাহেরকে একটি সোনার চাবি উপহার দেন। বণিক সমিতির একটি সূত্র জানায়, সোনার চাবিটির দাম দেড় লাখ টাকা।বণিক সমিতির সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আবুল বাসার মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির রুহুল আমীন ভূঁইয়া, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক এম আর মাসুদ, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর মজুমদার প্রমুখ।