কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষককে পেটানোর ঘটনায় অভিযুক্ত সেই তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে, অভিযুক্ত কর্মকর্তাদের স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। গতকাল মঙ্গলবারও কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের দুই শিক্ষককে পেটানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গত সোমবার থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই তিন কর্মকর্তা হলেন ফলিত খাদ্য ও পুষ্টিপ্রযুক্তি বিভাগের সেকশন অফিসার হারুন-উর-রশিদ, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের সেকশন অফিসার সহিদুর রহমান ও সহকারী রেজিস্ট্রার জামাল হোসেন। অভিযুক্ত কর্মকর্তা হারুন-উর-রশিদ বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, তিনি বরখাস্তের চিঠি পেয়েছেন।এদিকে, ঘটনা তদন্তে ইতিহাস বিভাগের শিক্ষক তালুকদার মো. লোকমানকে আহ্বায়ক করে গত সোমবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন: ইংরেজি বিভাগের শিক্ষক মামুনুর রহমান, ফলিত পদার্থ বিভাগের শিক্ষক নজিবুল হক, আল-কোরআন বিভাগের শিক্ষক নাসিরুদ্দিন মিজি এবং উপ-রেজিস্ট্রার নওয়াব আলী খান। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে, শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।