সেই তিন বাঘের বাচ্চা বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে
সুন্দরবন থেকে পাচার হওয়া তিনটি বাঘের বাচ্চাকে গতকাল শুক্রবার কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে। রাত নয়টার দিকে বাঘের বাচ্চাগুলোকে খাঁচায় ভরে একটি খোলা জিপ সাফারি পার্কের উদ্দেশে রওনা হয়। চার মাস এই বাচ্চাগুলোকে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনের একটি কক্ষে রাখা হয়।গত ১১ জুন শ্যামলীর একটি বাসা থেকে র্যাব সদস্যরা তিন মাস বয়সী বাঘের বাচ্চাগুলো উদ্ধার করেন। তখন এগুলোর ওজন ছিল প্রায় তিন কেজি করে। জয়, যুথী ও জ্যোতি নামের বাচ্চা তিনটির ওজন যথাক্রমে ২০, ১৯ ও ১৮ কেজিতে দাঁড়িয়েছে। শুরুতে এগুলোকে বোতলে করে দুধ খাওয়ানো হতো। দুই মাস ধরে এদের প্রতিটিকে প্রতিদিন দেড় কেজি করে মুরগির মাংস ও আধা লিটার করে দুধ খেতে দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ দিন ধরে বাঘের বাচ্চাগুলো কিছুটা হিংস্র আচরণ করছিল। কক্ষের সীমানাপ্রাচীর ডিঙাতে গিয়ে জ্যোতি পায়ে ব্যথা পায়। এরা কক্ষের বৈদ্যুতিক তার ধরে টানাটানি করত। এই পরিস্থিতিতে বন বিভাগ থেকে বাঘ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বাচ্চাগুলোকে বঙ্গবন্ধু (সাবেক ডুলাহাজারা) সাফারি পার্কে পাঠানোর সিদ্ধান্ত হয়।বন বিভাগ সূত্র জানায়, বাচ্চাগুলোর মধ্যে দুটিকে স্থায়ীভাবে সাফারি পার্কে রেখে প্রশিক্ষণ দেওয়া হবে। আর জ্যোতির আচরণ পর্যবেক্ষণের জন্য তাকে রেডিও কলার (বাঘের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিশেষ দূরনিয়ন্ত্রণ যন্ত্র) পরিয়ে পূর্ব সুন্দরবন এলাকায় ছেড়ে দেওয়া হবে।বাঘের বাচ্চাগুলো পাচারের ঘটনায় পাচারকারী দলের সদস্য জাকিরকে গ্রেপ্তার করেছিল র্যাব। এ ঘটনায় বন বিভাগ দুটি তদন্ত কমিটি করে এবং সাতক্ষীরা ও ঢাকার শেরেবাংলা নগর থানায় দুটি মামলা করা হয়। এ ঘটনায় চারজন বন প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।প্রধান বন্য প্রাণী সংরক্ষক ইউনুছ আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের তদন্ত এখনো চলছে। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’