সেই তিন মেডিকেলে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে
সাময়িক বন্ধ করা তিনটি বেসরকারি মেডিকেল কলেজে (আশুলিয়ার নাইটিঙ্গেল, রংপুরের নর্দান ও গাজীপুরের সিটি মেডিকেল কলেজ) শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সরকারের তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশের পাঁচ দিন পর মন্ত্রণালয় আগের সিদ্ধান্ত পরিবর্তন করল। তথ্য বিবরণীতে বলা হয়, ‘সাময়িক বন্ধকৃত তিন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়া ও ভবিষ্যতের কথা বিবেচনা করে কলেজগুলোতে বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ তবে বেসরকারি কলেজ পরিচালনা নীতিমালার শর্ত পূরণ না করায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ওই তিন কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির ওপর স্থগিতাদেশ যথারীতি বহাল থাকবে।
শর্ত না মেনে চলার অভিযোগে ১২ জুন আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, রংপুর নর্দান মেডিকেল কলেজ এবং গাজীপুরের সিটি মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন বলা হয়েছিল, ওই কলেজগুলোর শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীন অন্যান্য বেসরকারি মেডিকেলে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে।