সেই তিন শিক্ষকের একজন বরখাস্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেই তিন শিক্ষকের মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বিভাগের এক শিক্ষার্থীর আনা অভিযোগের ভিত্তিতে বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত ও কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। একই অভিযোগে অভিযুক্ত বিভাগের প্রভাষক বর্ণনা ভৌমিক ও প্রিয়াংকা স্বর্ণকারের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
মীর মোশারেফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি বিভাগের অভ্যন্তরীণ রাজনীতির শিকার। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা–ও তিনি জানেন না। একাধিকার অভিযোগনামা চেয়ে আবেদন করা হলেও কোনো উত্তর দেয়নি কর্তৃপক্ষ। এই শাস্তি একপক্ষীয়ভাবে দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান চেয়ারপারসন হেলেনা ফেরদৌসী বলেন, বিভাগে শিক্ষকদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, সম্প্রতি বিভাগের এক নবীনবরণ অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ না করতে হুমকি দেন মীর মোশারেফ হোসেন। এর মধ্যে একজন ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে ওই তিন শিক্ষককে স্নাতকোত্তরের কোর্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।