সেই তিনটি আবাসন কোম্পানির দুটি জরিমানা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ব্যবসা অবৈধ ঘোষিত তিনটি আবাসন প্রকল্পের মধ্যে গতকাল রোববার দুটি প্রতিষ্ঠান জরিমানার টাকা পরিশোধ করেছে। অন্যটি সময় চেয়েছে। গত শনিবার সরেজমিনে পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের উচ্চপর্যায়ের (এনফোর্সমেন্ট) অভিযানে পরিবেশ ছাড়পত্র না থাকা ও জলাশয় ভরাট করে অবৈধভাবে আবাসন ব্যবসা পরিচালনার দায়ে তিনটি আবাসন কোম্পানিকে ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে গতকাল রোববারের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়েছিল।পরিবেশ অধিদপ্তর সিলেটে আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, সিলেটের দক্ষিণ সুরমার রূপসী বাংলা, বাইপাস রোডের আল-বারাকা আবাসন প্রকল্প ও সিলেটের রয়েল সিটি নামের তিন আবাসিক প্রকল্পকে জরিমানা করা হয়। এর মধ্যে রূপসী বাংলা আবাসিক প্রকল্প কর্তৃপক্ষ গতকাল সকালে আট লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করে। আল-বারাকা আবাসন প্রকল্প ১০ লাখ ৮৮ হাজার টাকা রাত আটটায় পরিশোধ করে। অপর প্রতিষ্ঠান রয়েল সিটি আবাসন প্রকল্প ১৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেনি। রাতে যোগাযোগ করলে পরিবেশ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, ‘রয়েল সিটি ছাড়া বাকি দুটি প্রতিষ্ঠান জরিমানার টাকা জমা দিয়েছে।’রয়েল সিটি আবাসন প্রকল্পের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘এ অভিযানের স্বচ্ছতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। যে অভিযোগে জরিমানা করা হয়েছে, বাস্তবে তার কোনো ভিত্তিই নেই। তাই আমরা আইনি পদক্ষেপের মাধ্যমে বিষয়টি মোকাবিলা করব।’