সেই তৈমুর গ্রেপ্তার
রাজধানীর সোব-হানবাগের সেই হারুনুর রশিদ ওরফে তৈমুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুক্রাবাদ এলাকার একটি ভবন থেকে মদ্যপ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তৈমুরের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে মুক্ত আছেন। তবে মদ পান করে মাতলামি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। এ মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে জানান, সোবহানবাগ প্রিন্স প্লাজার মালিক সমিতির নেতা থাকার সময় তৈমুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রিন্স প্লাজা ছাড়াও আশপাশের প্রতিটি দোকান থেকে তিনি মাসিক হারে চাঁদা আদায় করতেন। এ ছাড়া সোবহানবাগ এলাকায় ভবন নির্মাণের সময়ও তাঁকে চাঁদা দিতে হতো বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে মালিক সমিতি থেকে তাঁকে বাদ দেওয়া হয়। এরপর প্রিন্স প্লাজাসহ আশপাশের কয়েকজন ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির পাঁচটি মামলা করেন। তৈমুরকে গ্রেপ্তারের দাবিতে সোবহানবাগ এলাকার ব্যবসায়ীরা মিছিল-সমাবেশ করেন। এ ছাড়া এলাকাবাসী দেয়ালে পোস্টারও সেঁটে দেয়।সূত্র জানায়, তৈমুর রাজধানীর ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ছিলেন। পরে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর চাঁদাবাজি নিয়ে গত ৫ আগস্ট প্রথম আলোয় ‘চলছে নীরব চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।