সেই দম্পতি নিহত হওয়ার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া গতিতে ছুটে চলা গাড়ির ধাক্কায় মিরপুরের শেওড়াপাড়ায় দম্পতি নিহত হওয়ার ঘটনা এর মধ্যে পাঁচ দিন পেরিয়েছে। কিন্তু ঘাতক গাড়িটির মালিক আশিকুর রহমান খান ও গাড়ির চালক তাঁর ছেলে নাসিফ খানকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ বলছে, তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আতাউর রহমান ও রওশন আরার পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা অগ্রগতির কোনো খবর জানেন না।

ঈদের পরদিন গত বুধবার সকাল ছয়টার পর একটি নীলরঙা টয়োটা অ্যালিয়ন গাড়ি শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে হাজি আশ্রাফ আলী মার্কেটের সামনের ফুটপাতে কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী আতাউর রহমান (৭৮) ও তাঁর স্ত্রী রওশন আরা বেগমকে (৬০) চাপা দেয়। রওশন আরার পোশাক গাড়ির বাম্পারে আটকে যায়। গাড়িটি তাঁকে অন্তত ২০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। দুজনই ঘটনাস্থলে মারা যান।
গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দপ্তরে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, ওই গাড়িটির মালিকানা পরিবর্তন হয়। কাগজপত্রে এটির সবশেষ মালিক হাসান হায়দার লেখা থাকলেও তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, তিনি গাড়িটি বিক্রি করেছিলেন নাঈম নামের এক গাড়ি ব্যবসায়ীর কাছে। পরে নাঈমের গাড়িটি কিনে নেন আশিকুর রহমান খান নামের এক ঠিকাদার। ঈদের দিন দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শাহীনবাগে আশিকুরের বাসা থেকে তাঁর ছেলে নাসিফ খান গাড়িতে বের হন। ঘটনার সময় নাসিফ ও তাঁর বন্ধুরা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ জানায়। ঘটনার পর সকালে নাসিফ শাহীনবাগের বাড়িতে ফিরে আসেন। ওই দিন সকাল নয়টার পর বাবা-মায়ের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘আশিকুর ও নাসিফকে ধরতে আমরা সবদিক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর চেয়ে বেশি বলার কিছু নেই।
ঘটনায় জড়িত ব্যক্তিরা ধরা না পড়ায় হতাশ আতাউর রহমানের ছেলে মো. রায়হান। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রকাশ্যে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটল। কিন্তু জড়িতরা ধরা পড়ছে না। তারা কেন পড়ছে না বা এ ব্যাপারে পুলিশের তৎপরতা কী, এ বিষয়ে আমরা কিছুই জানি না।’