সেই দলিত শিক্ষার্থীরা আজ থেকে আবার বিদ্যালয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার থেকে আবার বিদ্যালয়ে যাবে। গত ২৯ মার্চ বিদ্যালয়ে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের যোগ দিতে না দেওয়ার প্রতিবাদে অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভায় এই সংকটের মীমাংসা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর সিদ্ধান্তের কথা জানান তাঁরা। মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিক আনোয়ার হোসেন বলেন, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে ঘটনাটির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। মঙ্গলবার থেকে দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীরা আবারও স্কুলে যাবে।এর আগে ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওর কাছে দাবিও জানিয়েছিলেন অভিভাবকেরা। শনিবার প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই প্রধান শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটি নেন। এলাকাবাসী ও অভিভাবকেরা জানান, অভিযোগ পাওয়ার পর স্থানীয় প্রশাসন, ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট পক্ষ এই সংকট মীমাংসার উদ্যোগ নেন।