সেই দলিললেখক সাময়িক বরখাস্ত
গাজীপুরের শ্রীপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার জামিনুল হককে হত্যার হুমকি দেওয়ায় দলিললেখক শাহজাহান মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত করে জেলা রেজিস্ট্রার এ সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তাঁকে রেজিস্ট্রি এলাকায় প্রবেশ নিষেধ করা হয়েছে।
আজ সন্ধ্যায় জেলা রেজিস্ট্রার সৈয়দ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশলিপিতে জানানো হয়, আজ প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘সাব-রেজিস্ট্রারকে হত্যার হুমকি?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের সত্যতা ও সাব-রেজিস্ট্রারের দায়ের করা অভিযোগ পর্যালোচনা করে ঘটনার মিল পাওয়া যায়। আর এ কারণেই ১৩৫ নম্বর দলিললেখক এবং শ্রীপুর দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মণ্ডলকে দলিল লেখার কাজ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় কর্মকর্তার অনুমতি ছাড়া তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে শাহজাহান মণ্ডলের জন্য জারি করা আদেশপত্রের সত্যতা নিশ্চিত করেছেন জেলা রেজিস্ট্রার সৈয়দ মুজিবুর রহমান।
অফিসের নির্ধারিত সময়ের পর জমির খাজনা দেওয়ার রসিদ ছাড়া জমি দলিল নিবন্ধন করতে অপারগতা প্রকাশ করলে শাহজাহান মণ্ডল ও তাঁর লোকজন গত মঙ্গলবার সন্ধ্যায় সাব-রেজিস্ট্রারকে হত্যার হুমকি দেন। ব্যর্থ হয়ে নকলনবিশ ফারুক হোসেনকে বেদম মারধর করে তাঁরা চলে যান। এ ঘটনায় ফারুক বাদী হয়ে ওই রাতেই একটি মামলা দায়ের করেন।