সেই দিঘির মাটি সরিয়ে নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সেই দিঘির মাটি গত শনিবার সকাল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। অভিযুক্ত ব্যক্তি কয়েকজন শ্রমিক নিয়োগ করে বস্তায় ভর্তি করে মাটি সরিয়ে নিচ্ছেন।
গত বছরের ১৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার দিঘি ভরাট করা নিয়ে প্রথম আলোতে ‘টেকনাফে প্রাচীন দিঘি ভরাট’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসন দিঘি ভরাট বন্ধ করে দেয়। এরপর গত ১৯ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম ও টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবেশ অধিদপ্তর অভিযুক্ত ব্যক্তিদের দুই সপ্তাহের মধ্যে মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, ১ একর ২০ শতক আয়তনের দিঘির ৫৬ শতাংশ জায়গা সরকারি খাস খতিয়ানভুক্ত।
জানতে চাইলে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওযার্ডের কাউন্সিলর ও ইসলামাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাসান আহমদ বলেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই মাটি ফেলে দিঘি ভরাটের চেষ্টা করছিলেন স্থানীয় আবদুল গফুর। পরে পরিবেশ অধিদপ্তর ভরাট কাজ বন্ধ করে দেয়। শনিবার সকাল থেকে গতকাল বিকেল পর্যন্ত মাটি সরিয়ে নিতে দেখা গেছে।
এ বিষয়ে আবদুল গফুর বলেন, ‘দিঘিতে আমার বাবার মালিকানাধীন জমি থাকায় কিছু অংশে মাটি ফেলে ভরাট করছিলাম। কিন্তু পরিবেশ অধিদপ্তরের বাধার মুখে ভরাট বন্ধ করা হয়। দুই সপ্তাহের মধ্যে দিঘিতে ফেলা মাটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়ার পর মাটি সরিয়ে নেওয়া হচ্ছে।’