সেই দীঘিতে ফের বিষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর (অষ্ট জঙ্গল) গ্রামের সেই দীঘিতে আবারও বিষ দিয়ে কমপক্ষে ৫০ লাখ টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা। মাস ছয়েক আগেও ওই দীঘিতে বিষ দিয়ে প্রায় ৭৫ লাখ টাকার মাছ নিধন করে দুষ্কৃতকারীরা। এতে নিঃস্ব হয়ে পড়ছে মৎস্য চাষিরা। সরেজমিন ঘুরে জানা গেছে, কসবা উপজেলার শেরেবাংলা উচ্চবিদ্যালয় সংলগ্ন বিদ্যানগর গ্রামে পাঁচ একরের একটি দীঘিতে তিন বছর মেয়াদে ইজারা নিয়ে মাছ চাষ করেছেন আবদুল জলিল ও পাশের জয়দেবপুর গ্রামের মোস্তফা কামাল। দীঘিটিতে পাঙ্গাশ, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন দেশীয় মাছ চাষ করেছেন। এতে তাঁদের ৩০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। মোস্তফা কামাল ও আবদুল জলিল জানান, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা দীঘিতে বিষ ঢেলে দেয়। পরদিন বুধবার সকালে তাঁরা পুকুর পাড়ে গিয়ে দেখেন পাঙ্গাশসহ দেশীয় মাছ মরে ভেসে উঠছে। অনেক মাছ মরে পানির নিচে কাদায় পড়ে রয়েছে। এ সময় জাল দিয়ে কিছু মাছ ধরে তাঁরা পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে যাওয়া অনেক মাছ পচে ভেসে ওঠে। এতে চারদিকে গন্ধ ছড়িয়ে পড়েছে। এর আগে গত ১১ ডিসেম্বর রাতেও দুষ্কৃতকারীরা বিষ দিয়ে ওই দীঘির প্রায় ৭৫ লাখ টাকার মাছ নিধন করে। মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। দীঘিটিতে মাছের খাবারসহ প্রায় ৩০ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন। বিদ্যানগর গ্রামের আ. রাজ্জাক (৯০) বলেন, খারাপ লোকেরা ওষুধ দিয়ে এর আগেও মাছ মেরে ফেলেছে। আবারও মেরে ফেলল। তাদের যেন কঠিন বিচার হয়। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছোট ছোট মাছ বিষ দিয়ে নিধনের ঘটনাটি খুবই দুঃখজনক। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে জানান, বিষ দিয়ে মাছ নিধনের বিষয়টি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।