সেই দুই অস্ত্রধারীকে পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আদালত তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ৪ ডিসেম্বর

রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অস্ত্র দিয়ে গুলি ছোড়া ছাত্রলীগের বহিষ্কৃত সেই দুই নেতার জামিন বাতিল করা হলেও ১৩ দিনেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। তাঁরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

গতকাল শুক্রবার বিকেলে যোগাযোগ করা হলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস প্রথম আলোকে বলেন, সাব্বির ও আশিকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

.
.

গত ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। শাহবাগ থানায় এ ঘটনায় করা মামলায় গত ১৭ নভেম্বর সাব্বির হোসেন ও আশিকুর রহমান সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাঁরা জামিন পান। ৪ ডিসেম্বর ওই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামি হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু সাব্বির ও আশিকুর হাজির না ­হওয়ায় আদালত তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
সাব্বির হোসেন ও আশিকুর রহমানের আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণের ছবি প্রকাশিত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করে।
পুলিশের গোয়েন্দা ও প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন বলেন, আসামিদের হাতে যে অস্ত্র ছিল, তার উৎস, তা বৈধ কি না, তা জিজ্ঞাসাবাদ করতে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম দুই আসামির জামিন বাতিল চেয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিরা গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডের বিষয়ে শুনানি হবে বলে আদেশ দিয়েছেন আদালত।
সাব্বির থাকেন পুরান ঢাকার সিদ্দিকবাজারে। ওই এলাকার বাসিন্দারা জানান, ৪ ডিসেম্বর সিদ্দিকবাজার এলাকা থেকে একটি মিছিল নিয়ে সাব্বির আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে রাতে তিনি এলাকায় ফিরেছিলেন। কিন্তু জামিন বাতিল হওয়ার খবর শুনে তিনি এলাকা ছেড়ে যান। আর ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আশিকুর রহমান থাকেন ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটে। ১৭ নভেম্বর জামিন হওয়ার দু-একদিন পর আশিকুরকে মাঝে মধ্যে দেখা গেছে। কিন্তু কিছুদিন ধরে তাঁকে আর এলাকায় দেখা যায় না।