সেই দুই গৃহবধূকে এবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গ্রাম্য সালিসে নির্যাতনের শিকার সেই দুই গৃহবধূকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে দুই গৃহবধূ গত বৃহস্পতিবার দুপুরে বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডিতে বলা হয়েছে, উপজেলার রাজারামপুর নাওপাড়া গ্রামের তারাজুল ইসলাম, কাশিগঞ্জ গ্রামের মজব আলী, জহুরুল ইসলাম ও মফা হোসেন এবং এলাকার রফিকুল ইসলাম, আবদুর রউফ মণ্ডল, আবদুল মালেক মণ্ডল, কাশেম আলী, আশরাফ উদ্দিন, মহুবুল ইসলাম ও মাহাবুল হোসেন মামলা তুলে নেওয়ার জন্য দুই গৃহবধূকে হুমকি দিচ্ছেন।নির্যাতনের শিকার এক গৃহবধূ অভিযোগ করেন, তাঁর মুঠোফোনে মজব আলী ফোন করে বলেছেন, ‘বাড়াবাড়ি অনেক করেছিস, মামলা তুলে নে, নইলে তোকে ও তোর সন্তানদের কেটে নদীতে ভাসিয়ে দিব। দেখব, তোদেরকে কে বাঁচায়।’ মহুবুল ইসলাম হুমকি দিয়ে বলেছেন, ‘রাতের অন্ধকারে ঘরে পেট্রল ঢেলে পুড়িয়ে মারা হবে।’ এ ছাড়া অন্যরাও বিভিন্নভাবে হত্যাসহ মিথ্যা মামলা-মোকদ্দমায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।অপর গৃহবধূ অভিযোগ করেন, ‘সালিসে যাঁরা আমাদের নির্যাতন করেছেন, তাঁরা ও তাঁদের লোকজন প্রতিদিন আমাদের বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিচ্ছেন। তাঁরা বলছেন, তোদের পাশে পুলিশ আর সাংবাদিক বেশি দিন থাকবে না। তখন কোথায় যাবি?’ জানতে চাইলে বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজেন্দ্র মোহন চাকী বলেন, দুই গৃহবধূ থানায় জিডি করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলার রাজারামপুর নাওপাড়া গ্রামের এক ব্যক্তি গত ২৪ জুন বিষপানে আত্মহত্যা করেন। ওই ব্যক্তির পরিবার অভিযোগ করে, স্ত্রীর সঙ্গে মনমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রীর বিচার করার জন্য তাঁরা সালিস ডাকেন। গত ২৬ জুন গ্রামে সালিস বসে। সালিসে ওই ব্যক্তির স্ত্রী এবং পাশের বাড়ির এক গৃহবধূকে চরিত্রহীনা অপবাদ দিয়ে স্থানীয় মাতব্বরদের নির্দেশে প্রকাশ্যে লাঠিপেটা করা হয়। এ ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম ৬ জুলাই বদরগঞ্জ থানায় মামলা করেন।