সেই দুই গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ পেল
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মণ্ডলপাড়া ও শুকানীপাড়া গ্রামে গতকাল শনিবার পল্লী বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করা হয়েছে। এতে ওই দুই গ্রামের ১১১টি পরিবার বিদ্যুৎ-সংযোগ পেল।
গতকাল সকাল ১০টার দিকে বিদ্যুৎ-সংযোগ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপাজেলার উত্তর ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ। প্রধান অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন বিদ্যুৎ সম্প্রসারণের উদ্বোধন করেন। বক্তব্য দেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ইনছের আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
জিএম ইনছের আলী বলেন, নতুন সংযোগের ফলে এ দুই গ্রামের ১১১টি পরিবার বিদ্যুৎ পাবে এবং প্রায় ৫০০ একর জমি সেচের আওতায় আসবে।
প্রসঙ্গত মণ্ডলপাড়া ও শুকানীপাড়া গ্রামের বাসিন্দাদের কাছ থেকে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া বিষয়ে ৩ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনে ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রচারিত হয়।