সেই দুই জেলেকে সঙ্গীরাই মেরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বরগুনার দুই জেলে আয়নাল (৩২) ও ফারুককে (৩৫) জলদস্যুরা নয়, ওই ট্রলারের সঙ্গী জেলেরাই হত্যা করেছেন। পানিতে চুবিয়ে ও পিটিয়ে মেরে তাঁদের লাশ পলিথিন দিয়ে পেঁচিয়ে কাঁথায় মুড়ে ছয় দিন ট্রলারে রেখে দেওয়া হয়। ঘটনা ধামাচাপা দিতে ট্রলারে জলদস্যুর হামলা হওয়ার বানোয়াট গল্প সাজান তাঁরা। ট্রলারটিকে জেলেরা লন্ডভন্ড করে এমনভাবে সাজান, যাতে সবাই মনে করে সত্যিই হামলা হয়েছে। হামলার গল্পটি লোকজনকে বিশ্বাস করাতে তাঁরা নিজেদের শরীর জখম করেন। গতকাল শনিবার হাসপাতালে ভর্তি আয়নাল ও ফারুকের সঙ্গী জেলেদের পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর এই তথ্য বেরিয়ে এসেছে। বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, ‘এ ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করি। একপর্যায়ে নিশ্চিত হই সঙ্গী জেলেরা এই ঘটনার সঙ্গে জড়িত। এরপর হাসপাতালে চিকিত্সাধীন সাত জেলেকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাঁরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।’ গুলিশাখালী গ্রামের খলিলুর রহমানের এফবি আল-মদিনা নামে মাছ ধরার ট্রলার নিয়ে ১৬ জন জেলে গত ২২ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে যান। ২৪ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে কোনো এক স্থানে ট্রলার থামিয়ে সঙ্গী জেলেরা ফারুক ও আয়নালকে পিটিয়ে ও চুবিয়ে হত্যা করেন। এরপর আট দিন সাগরে অবস্থান করার পর অন্য একটি ট্রলারের সহায়তায় বরগুনায় ফিরে আসেন গত বৃহস্পতিবার। তত দিনে মৃত দুই জেলের লাশ পচে বিকৃত হয়ে যায়। বরগুনায় এসে বাকি ১৪ জেলে জানান, সশস্ত্র জলদস্যু দুই জেলেকে পিটিয়ে হত্যা করে ট্রলারের জাল, মাছ, জ্বালানি, খাবার ও ইঞ্জিনের যন্ত্রাংশ লুট করেছে। ওই ১৪ জেলের মধ্যে সাতজন জলদস্যুদের পিটুনি ও ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন বলে তাঁরা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। নিহত দুই জেলেসহ অন্য সব জেলের বাড়ি বরগুনা সদর উপজেলার ডেমা ও গুলিশাখালী গ্রামে।