সেই দুই পক্ষের সংঘর্ষ, আরও এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামের সেই দুই পক্ষের সংঘর্ষের জেরে আরও এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁর নাম ইদুল ভূঁইয়া। গতকাল শনিবার সকালে গ্রামের অদূরে সাইজ্জা বিলের কাছে সরিষাখেত থেকে ইদুলের লাশ উদ্ধার করে পুলিশ। ইদুল (৪১) রাতে বিল পাহারা দিচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে ভোরের দিকে হত্যা করা হয়। নিহত ইদুলের মাথা ও মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাত এবং বুকে ও পেটে বল্লমের আঘাতের চিহ্ন রয়েছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, দিগদাইড় গ্রামসংলগ্ন ডুবাইল ও সাইজ্জা বিলের দখল নিয়ে একই গ্রামের মোমতাজ উদ্দিন আকন্দ ও সাদেক ভেন্ডারের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে ওই দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে এর আগে দুজন নিহত হয়। ওই ঘটনায় করা দুটি পৃথক মামলা বিচারাধীন।গত শুক্রবার দুপুরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কিন্তু শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দিগদাইড় বিল থেকে বাড়ি ফেরার পথে সাদেক ভেন্ডারের পক্ষের একই গ্রামের সুরুজ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আর গতকাল সকালে ইদুলের লাশ সরিষাখেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ইদুল সাদেক ভেন্ডার পক্ষের লোক।সংঘর্ষ ও খুনের এ ঘটনার পর থেকে ওই গ্রামে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লিটন সাহা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।