এক যুগ পর শিকলবন্দী অবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের দুই বোন পাপড়ি খাতুন ও অনন্যা খাতুন। জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান গতকাল বৃহস্পতিবার তাঁদের বাড়ি গিয়ে চিকিৎসা, পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পাপড়ি খাতুনের বয়স ৩৩ বছর। ছোট বোন অনন্যা খাতুনের ৩০। একপর্যায়ে তাঁরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এ কারণে এক যুগের বেশি সময় ধরে তাঁদের শিকল পরিয়ে রাখছেন স্বজনেরা। বাবা আবদুল মান্নান ও মা শাহীনা বেগম মারা গেছেন। ছোট ভাই মুশফিকুর রহমান অষ্টম শ্রেণিতে পড়ে। আরেক ভাই সম্রাট মিয়ার (১৯) পড়ালেখা হয়ে ওঠেনি।
এ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘শিকলবন্দী এক যুগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
সম্রাট মিয়া গতকাল বলেন, ‘আপনেরা আসার পরদিন থেকে ও পত্রিকায় নিউজ ছাপা হওয়ার পর লোকজন বাড়িতে এসে ও মুঠোফোনে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেছে। আপনাদের কল্যাণে আমার দুই বোন আবার চিকিৎসাসেবা পেতে যাচ্ছে। জেলা প্রশাসক এসে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’
ওই প্রতিবেদন নজরে এলে গতকাল বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসক ওই বাড়িতে যান। তিনি বলেন, ‘যেকোনোভাবে আগামী মাসেই তাঁদের চিকিৎসার জন্য পাঠানো হবে। পরিবারটিতে দায়িত্বশীল কেউ নেই। এ কারণে পরিবারটি যাতে সচ্ছলভাবে চলতে পারে, সে ব্যবস্থাও করা হবে।’