সেই দুই ভারতফেরত ব্যক্তির জিনোম সিকোয়েন্সের ফল আসেনি

এএফপি
ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে ডিএনসিসি করোনা হাসপাতালে দুজন ভারতফেরত করোনা পজিটিভ ভর্তি আছেন। তবে তাঁদের ধরনটি ভারতীয় ভ্যারিয়েন্ট কি না, তা জানার জন্য জিনোম সিকোয়েন্সিং হচ্ছে। এখনো ফল আসেনি।

আজ শনিবার হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি সবাইকে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান।

গতকাল শুক্রবার থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, ‘ডিএনসিসি করোনা হাসপাতালে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া দুজন রোগী ভর্তি আছেন।’ কিন্তু হাসপাতালের পরিচালক গতকালই প্রথম আলোকে জানিয়েছেন, ভারতফেরত ওই দুজন রোগীর ধরন কোনটি, তা জানার জন্য আইইডিসিআর নমুনা নিয়ে গেছে।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন উদ্ধৃতি দিয়ে বিভিন্ন জায়গায় নিউজ হওয়া প্রসঙ্গে আজ শনিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘সবাইকেই বলেছি, ভারতীয় ভ্যারিয়েন্ট কি না, আমরা এখনো জানি না। তাঁদের জিনোম সিকোয়েন্সিং হবে। তার ফল আসতে কয়েক দিন সময় লাগবে। ফল না আসা পর্যন্ত তো বলা যাচ্ছে না। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

আরও পড়ুন

হাসপাতালটির পরিচালক জানান, যে দুজন নারী ডিএনসিসি হাসপাতালে ভর্তি আছেন, তাঁরা ভারত থেকে গত মাসের শেষে বাংলাদেশে আসেন। জ্বর থাকায় বাসায় থেকেই তাঁরা চিকিৎসা নেন। গত ১২ মে তাঁরা ডিএনসিসি হাসপাতালে আসেন। কিন্তু তাঁরা যে ভারত থেকে এসেছেন, তা হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমে জানাননি। পরবর্তী সময়ে জানা যায়, এই দুই নারী ভারত থেকে এসেছেন। হাসপাতালে পরীক্ষা করার পর দুজনেরই করোনা ধরা পড়ে।


ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, যেহেতু তাঁরা সম্প্রতি ভারত থেকে এসেছেন, তাই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) তাঁদের বিষয়ে জানানো হয়েছে। তাঁদের শরীরে করোনার ভারতীয় ধরন আছে কি না বা তাঁদের করোনার ধরন কোনটি, তা জানার জন্য আইইডিসিআর নমুনা নিয়ে গেছে। এই দুই নারীকে হাসপাতালেই আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।