সেই দুই শিক্ষকসহ অপহূত সাতজন র্যাব হেফাজতে
ময়মনসিংহের ভালুকা থেকে অপহূত হওয়া দুই শিক্ষক কামাল হোসেন ও আবুবক্কর সিদ্দিককে পাওয়া গেছে র্যাবের কাছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অপর ছয়জনের সঙ্গে এ দুজনকেও হাজির করা হয়। বাকি ছয়জনের মধ্যে পাঁচজন আছেন, যাঁরা গত ২০ এপ্রিল ও ২১ এপ্রিল অপহূত হয়েছেন মর্মে গণমাধ্যমে এর আগে খবর বেরিয়েছিল। তাঁরা হলেন: মো. সোহেল রানা, মোর্শেদ আলম, বাছির উদ্দিন, ইউসূফ আলী ও ইলিয়াস উদ্দিন।
গতকাল সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে, এঁরা সবাই গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল এলাকায় প্রিজন ভ্যান থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির তিন নেতাকে ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। এর মধ্যে কামাল হোসেনকে ওই জঙ্গি ছিনতাইকারী দলটির নেতৃত্বে ছিলেন বলে র্যাব দাবি করে।
তবে সংবাদ সম্মেলনে হাজির করা আট ব্যক্তিকে কবে, কখন, কোথায় থেকে আটক করা হয়েছে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাব কিছু জানায়নি। এমনকি পরে গণমাধ্যমে পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতেও কিছু উল্লেখ করা হয়নি।
গত সোমবার ভোরে ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রাম থেকে কামাল হোসেন ও মরচী গ্রামের আবু বকরকে তাঁদের বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে তাঁদের স্বজনেরা অভিযোগ করেন। এ বিষয়ে গণমাধ্যমে খবর বের হলেও প্রথম দুদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী এঁদের আটকের কথা স্বীকার করেনি। এ নিয়ে ভালুকা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এর আগে ২০ এপ্রিল ভোররাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাত-আটজন বন্দুকধারী পানিভান্ডা গ্রামের ইউসুফ আলীকে মাইক্রোবাসে করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে তাঁর পারিবার ওই দিন দুপুরে ভালুকা থানায় জিডি করে।
একই দিন রাতে পানিভান্ডা গ্রামের বছির, পাঁচগাঁও গ্রামের মোর্শেদ ও সোহেল রানা ঢাকা থেকে ভালুকা আসার পথে অপহূত হন বলে তাঁদের পরিবার অভিযোগ করে। পরদিন ২১ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড় এলাকা থেকে ইসলামী ব্যাংক, ময়মনসিংহ শাখার কর্মকর্তা মো. ইলিয়াস উদ্দিনকে সাত-আটজন জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। অপহরণের সময় তাঁর সঙ্গে থাকা সহকর্মী হায়দার আলী পালিয়ে রক্ষা পান। পরে হায়দার আলী বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। গতকাল র্যাবের সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত এসব ব্যক্তি নিখোঁজ ছিলেন। তাঁরা গুম হয়েছেন—এ আশঙ্কায় তাঁদের স্বজনেরা উৎকণ্ঠায় ছিলেন।