ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে গুলি করে জেএমবির সাজাপ্রাপ্ত তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ভালুকার দুই শিক্ষক কামাল হোসেন ও আবু বক্কর সিদ্দিকসহ আটজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল রোববার সকালে ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতে আট আসামিকে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর করা হয়। অন্য ছয় আসামি হলেন মো. ইউসুফ আলী, সোহেল রানা, মোর্শেদ আলম, মো. ইলিয়াস উদ্দিন, বছির আহমেদ ও আনোয়ার হোসেন।
আদালতের পরিদর্শক মো. শহীদ শুকরানা প্রথম আলোকে জানান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমানের আবেদনের প্রেক্ষাপটে ৪ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক ফারজানা ইয়াসমিন প্রত্যেক আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দুপুর ১২টার দিকে র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
আনোয়ার ছাড়া অন্য সাতজনের বাড়ি ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামে। গত মাসে উপজেলার পানিবান্ডা গ্রাম থেকে ইউসুফকে এবং পাঁচগাঁও গ্রাম থেকে কোচিং শিক্ষক কামাল ও আবু বক্করকে গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়। এ ছাড়া একই গ্রামের বছির, মোর্শেদ ও সোহেল চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ঢাকায় নিখোঁজ হন। ময়মনসিংহ শাখার ইসলামী ব্যাংক কর্মকর্তা ইলিয়াসকে শহরের গোলপুকুর পাড় এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়। এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হলে ৩০ এপ্রিল আটজনকেই র্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে হাজির করে জানানো হয়, তাঁদের অপহরণ করা হয়নি। ২৩ ফেব্রুয়ারি ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়।
২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নিয়ে যাওয়ার পথে ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় জেএমবির একদল সদস্য পুলিশের প্রিজন ভ্যানে গুলি করে ওই তিন আসামিকে ছিনিয়ে নেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আতিকুল ইসলাম নামের এক পুলিশ সদস্য নিহত হন।