কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ছুটির মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে মোট চার দফা তাঁদের ছুটির মেয়াদ বাড়ানো হলো।শিক্ষকেরা হলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম এম শরীফুল করীম।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের নভেম্বর মাসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান তাঁকে জখম করার অভিযোগে ওই দুই শিক্ষকের নামে রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন। পরে বিশ্ববিদ্যালয় এ ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করে। কমিটি গত শুক্রবার প্রতিবেদন জমা দিলেও উপাচার্য তা আমলে না নিয়ে নতুন করে ছুটি বাড়ান।সিন্ডিকেট বৈঠকে উপস্থিত একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য নিজেই তাঁদের ছুটি বাড়ানোর প্রস্তাব করেন। এ সময় অন্য সদস্যরা চুপ ছিলেন।’আমজাদ হোসনে সরকার ও এম এম শরীফুল করীম বলেন, উপাচার্যের মর্জিমাফিক ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়টি দুঃখজনক।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পরবর্তী সিন্ডিকেট সভা না হওয়া পর্যন্ত ওই দুই শিক্ষকের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।’এ ব্যাপারে উপাচার্য মো. আমির হোসেন খানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।