সেই দুই শিশুকে মামলা থেকে অব্যাহতি
খুনের আশঙ্কায় প্রতিবেশী এক ব্যক্তির করা মামলা থেকে শিশু ইফতেখার ও তার ছোট বোন ইফাত জাহানকে অব্যাহতি দিয়েছেন আদালত। সিলেটের অতিরিক্ত জেলা হাকিমের আদালতে গতকাল মঙ্গলবার মামলার ধার্য তারিখে আইনজীবী দুই শিশুকে আসামি করার বিষয়টি দরখাস্তের মাধ্যমে আদালতে উপস্থাপন করেন। হাকিম শহিদুল আলম দুই শিশুকে মামলা থেকে অব্যাহতি দেন। গত ৩ জানুয়ারি প্রথম আলোয় ‘খুনের আশঙ্কায় দুই শিশুর বিরুদ্ধে মামলা!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল মামলার ধার্য তারিখে দুই শিশুর পক্ষে আইনজীবী প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অব্যাহতির আবেদনে সংযুক্ত করে আদালতে উপস্থাপন করেন। জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের আবদুল হক বিরোধপূর্ণ ভূমিতে ‘দাঙ্গাহাঙ্গামা’ করার আশঙ্কায় সিলেটের অতিরিক্ত জেলা হাকিমের আদালতে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ১১ বছর বয়সী ইফতেখার হোসেনকে। তার বোন ছয় বছর বয়সী ইফাত জাহান ও মা স্বপ্না বেগম যথাক্রমে মামলার দ্বিতীয় ও তৃতীয় আসামি। ইফতেখার উত্তর চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ছে। ইফাত প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে।গত ৮ ডিসেম্বর আদালতে মামলা দায়েরের পর ১৮ ডিসেম্বর সমন জারি হয়। সমন আদেশে ২৮ ডিসেম্বর আসামি তিনজনকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।ইফতেখারের মা স্বপ্না বেগম জানান, কিছু জমি নিয়ে আবদুল হকের সঙ্গে পূর্ববিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে মামলা করা হয়েছে। তাঁর স্বামী আবদুল জব্বার ২০০৯ সাল থেকে নিখোঁজ থাকায় তিনি এ মামলা নিয়ে বিপাকে পড়েন। আদালত থেকে সমন জারির আদেশ পেয়ে তিনি আইনজীবীদের মাধ্যমে দুই শিশুসন্তানের আসামি হওয়ার বিষয়টি আদালতের নজরে দেন। আদালত শুনানির জন্য ৩১ জানুয়ারি (গতকাল মঙ্গলবার) তারিখ ধার্য করেন।আইনজীবী মো. শফি আহমদ জানান, বাদী মামলা করার সময় আসামিদের বয়স উল্লেখ করেননি। তথ্য গোপন করে মামলা করেছেন। বিষয়টি আদালতে লিখিতভাবে উপস্থাপন করা হলে আদালত এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।