সেই দুই শ্রমিকের লাশ মেঘনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর শম্ভুপুরা এলাকা থেকে গতকাল রোববার দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা গত ১৮ জানুয়ারি নিখোঁজ হন।
এই দুই শ্রমিক হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতন্যকান্দা গ্রামের শফিকুল ইসলাম (৩২) ও একই উপজেলার দয়াকান্দা গ্রামের হযরত আলী (২২)।
পুলিশ জানায়, ১৮ জানুয়ারি ভোরে সোনারগাঁয়ের শম্ভুপুরা এলাকায় মেঘনা নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় মাটিবোঝাই একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে শফিকুল ও হযরতসহ ১৩-১৪ জন শ্রমিক ছিলেন। সবাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শফিকুল ও হযরত নিখোঁজ হন। এরপর গতকাল সকালে তাঁদের লাশ মেঘনায় ভেসে ওঠে। পরে গজারিয়া ও সোনারগাঁ থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
গজারিয়া ইউনিয়ন পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন জানান, বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছিল। তাই লাশ দুটি সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকা থেকে গতকাল রোববার অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এক দিনের ব্যবধানে ওই স্থানের ১০০ গজের মধ্যে দুটি লাশ উদ্ধার করা হলো।
পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় মহাসড়কের ঢালুতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে গত শনিবার সকালে একই স্থানের মাত্র ১০০ গজ দূরে উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের ঠিকাদার আফাজ উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে দুজনকে হত্যা করে লাশ মহাসড়কের ঢালুতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।