সেই দুটি ব্যাংক হিসাব জব্দের আদেশ অবৈধ বলেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের নির্বাচনী ব্যয়ের জন্য অর্থ পাঠানোর অভিযোগে দুটি ব্যাংক হিসাব জব্দের যে আদেশ দেওয়া হয়েছিল, তা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তোফায়েল আহমেদের পৃথক রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।আদালতে তোফায়েল আহমেদের পক্ষে আইনজীবী ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও মোতাহার হোসেন। দুদকের আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। জানা যায়, তোফায়েল আহমেদ ২০০১ সালের নির্বাচনে ভোলার ন্যাশনাল ব্যাংক ও উত্তরা ব্যাংকে বিভিন্ন ব্যক্তির নামে অর্থ পাঠিয়েছেন—এমন অভিযোগ অনুসন্ধানের জন্য তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো হিসাব দুটি জব্দ করতে ভোলা জেলা জজ আদালতে ২০০২ সালের ১৭ এপ্রিল আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২১ এপ্রিল আদালত ব্যাংক হিসাব দুটি জব্দের আদেশ দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ২৭ এপ্রিল হাইকোর্টে পৃথক দুটি রিট করেন তোফায়েল আহমেদ। পরদিন হাইকোর্ট এ নিয়ে রুল জারি করেন। রুলের ওপর শুনানি শেষে গতকাল আদালত রুল গৃহীত হলো (অ্যাবসলিউট) বলে রায় দেন।