সেই নবজাতককে বাঁচাতে ঢাকায় আনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত ভেবে দাফনের আগে কেঁদে ওঠা শিশুটিকে ফরিদপুরে রেখেই চিকিৎসা চলছে। যে হাসপাতালে শিশুটিকে জন্মের পর চিকিৎ​সক মৃত ঘোষণা করেছিলেন, সেই ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের ইনকিউবেটরে রেখে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫ মাস ২২ দিনের গর্ভাবস্থায় ভূমিষ্ঠ হওয়া কন্যাশিশুটির নাম রাখা হয়েছে ‘গালিবা হায়াত’। চিকিৎসকদের মতে, অপরিপক্ব শিশুটিকে বাঁচাতে হলে ঢাকায় আনা জরুরি। তবে দীর্ঘ সময় যাত্রা করার মতো শারীরিক অবস্থা নেই তার। সে ক্ষেত্রে একমাত্র হেলিকপ্টার দিয়ে ঢাকায় আনা যেতে পারে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের শিশুবিশেষজ্ঞ খোন্দকার মো. আবদুল্লাহ হিস সায়াদ প্রথম আলোকে বলেন, ‘আমি গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটিকে দেখেছি। যে বয়সে শিশুটি ভূমিষ্ঠ হয়েছে, তাতে বেঁচে থাকা কষ্টকর। তবে শিশুটিকে নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া গেলে সুফল পাওয়া যেতে পারে। এ চিকিৎসা ঢাকার শিশু হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল ও আয়শা হাসপাতালে আছে। তবে এ কথাও সত্য, বর্তমান অবস্থায় শুধু হেলিকপ্টার ছাড়া শিশুটিকে ফরিদপুর থেকে ঢাকায় স্থানান্তর করা একটি কঠিন কাজ।’

নবজাতকের দাদা মো. আবুল কালাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘ওর (শিশুটি) নাম রাখা হয়েছে গালিবা হায়াত। নামটি রেখেছেন ওর ফুপা হারুন অর রশিদ। তিনি বলেন, ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন শিশুবিশেষজ্ঞরা। কিন্তু ওর বর্তমান শারীরিক যে অবস্থা, তাতে ফরিদপুর থেকে ঢাকা যাত্রার ধকল সহ্য করতে পারবে না। তা ছাড়া আমাদের মতো পরিবারের পক্ষে হেলিকপ্টারের ব্যবস্থা করার আর্থিক সংগতি নেই।’

শিশুটি ফরিদপুর শহরের কমলাপুর এলাকার বাসিন্দা নাজমুল হুদা (২৬) ও নাজনীন আক্তার (২৩) দম্পতির প্রথম সন্তান। আগামী জানুয়ারি মাসে ভূমিষ্ঠ হওয়ার কথা থাকলেও শিশুটি ৫ মাস ২২ দিনের মাথায় গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ভূমিষ্ঠ হয়। জন্মের পর শিশুটিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। পরে সকাল ছয়টার দিকে শহরের আলীপুর কবরস্থানে দাফন করার সময় শিশুটি কেঁদে ওঠে।
জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের ইনকিউবেটর ইউনিটে কর্মরত সেবিকা সবিতা সাহা আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে জানান, শিশুটিকে স্যালাইন ও ইনজেকশন দেওয়া হচ্ছে।
ফরিদপুরের সিভিল সার্জন ওই শিশুটির চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিন সদস্যের একটি চিকিৎসক দল গঠন করেছেন। এ ছাড়া জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের কার্যক্রম পর্যালোচনা করার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমি শিশুটিকে দেখেছি। ওই শিশুটির চিকিৎসার জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালের শিশুবিশেষজ্ঞ খোন্দকার মো. আবদুল্লাহ হিস সায়াদকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় ‘মৃত ঘোষণা দেওয়া’ সেই চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন: