সেই নবজাতককে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো

চিকিৎসকের মৃত ঘোষণার ছয় ঘণ্টা পর দাফনের সময় কেঁদে ওঠা ফরিদপুরের নবজাতক গালিবা হায়াতকে অবশেষে ঢাকায় পাঠানো হয়েছে। তাকে নিয়ে ঢাকার পথে পাড়ি জমায় ভাড়া করা একটি হেলিকপ্টার।
ঘড়ির কাঁটায় শনিবার (গতকাল) বিকেল ৫টা ২৫ মিনিট। পারটেক্স গ্রুপের ভাড়া করা হেলিকপ্টারটি ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম থেকে ওই নবজাতককে নিয়ে উড্ডয়ন করে। যতক্ষণ দেখা গেছে সেখানে উপস্থিত শত শত মানুষ পরম মমতায়, একবুক আশা নিয়ে তাকিয়ে থাকে আকাশে। হেলিকপ্টারটি একসময় মিলিয়ে যায়। গত বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটা—প্রায় ৬০ ঘণ্টার রুদ্ধশ্বাস সময় পার করে ওই শিশুটিকে ঢাকা পাঠানো সম্ভব হয়।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জানা যায়, গালিবাকে নিতে হেলিকপ্টার আসছে। ফরিদপুরের সিভিল সার্জন গঠিত মেডিকেল দলের প্রধান ও ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক খোন্দকার মো. আবদুল্লাহ হিস সায়াদ ওই সময় শিশু হাসপাতালে গিয়ে শিশুটির শরীরের সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা করেন। বিকেল ৫টা ১০ মিনিটে হেলিকপ্টারটি ফরিদপুর স্টেডিয়ামে এসে পৌঁছায়। ৫টা ১৯ মিনিটে অ্যাম্বুলেন্সে গালিবাকে শিশু হাসপাতাল থেকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারে নবজাতকটির সঙ্গে তার বাবা নাজমুল হুদা মিঠু, চাচা শামীমুল হক তালুকদার ও ফরিদপুর শিশু হাসপাতালের নার্স টিটো মণ্ডল যান।
শামীমুল হক গতকাল সন্ধ্যা ৭টার দিকে জানান, হেলিকপ্টারটি সন্ধ্যা ছয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হেলিকপ্টারসহ যাতায়াতের ব্যাপারে অর্থায়ন করেন মুঠোফোন প্রতিষ্ঠান ‘উই’-এর হেড অব মার্কেটিং ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সুখেন। প্রথম আলোয় নবজাতকটিকে নিয়ে খবর পড়ে তিনি নিজস্ব ফেসবুক আইডিতে নবজাতকটিকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়ার ব্যাপারে অর্থায়নের আগ্রহ দেখিয়ে বাচ্চাটির মা-বাবার মুঠোফোন নম্বর জানতে চান। এদিকে ঢাকার ইউনিয়ন করপোরেশনের উপমহাব্যবস্থাপক সামিউল হক স্ট্যাটাসটি দেখে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।
গত রাত পৌনে ১০টায় সামিউল হক হাসপাতাল থেকে প্রথম আলোকে জানান, নবজাতকের অবস্থা স্থিতিশীল।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে এই নবজাতকের জন্ম হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। ছয় ঘণ্টা পর পরদিন ভোর ছয়টার দিকে শহরের আলীপুর কবরস্থানে দাফনের সময় কেঁদে ওঠে শিশুটি।