সেই নবজাতকের অবস্থা খারাপের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের নথিতে ‘বেবি অব বিউটি’ নামে পরিচিত মাত্র ২২ দিন বয়সী নবজাতকের অবস্থা আগের চেয়ে খানিকটা খারাপ বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন। কয়েক দিন ধরে পেটটা ফুলে আছে। খেতেও পারছে না। বিভিন্ন সংক্রমণে শিশুটির অবস্থা খুবই নাজুক।
জন্মের পরই কিশোরী মা এই নবজাতককে একটি ভবনের পাঁচতলা থেকে ফেলে দেয়। এলাকাবাসী ও পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নবজাতক বিভাগের বিশেষায়িত সেবাকেন্দ্র স্পেশাল কেয়ার বেবি ইউনিটে জায়গা হয় তার। ৩ ফেব্রুয়ারি রাত থেকে বেবি ইউনিটে আছে সে।
নবজাতকের মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা আগের চেয়ে ভালো বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কেয়ার বেবি ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন, পাঁচতলা থেকে ফেলে দেওয়ার পর নবজাতকের ছোট্ট ঊরুর সবচেয়ে বড় হাড়টি ভেঙে গেছে। চামড়া ভেদ করে হাড়ের কিছু অংশ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ওর মুখের একটি হাড়েও ফাটল ধরেছে। মাথার দুই পাশে রক্ত জমাট বেঁধে আছে।
নবজাতকের চিকিৎসায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান এবং মেডিকেল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনীষা ব্যানার্জি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘ওকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ওর শরীরে ব্লাড ক্যানসারের জীবাণু পাওয়া গেছে। ও পর্যাপ্ত পরিমাণে খেতে পারছে না। প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।’
নবজাতকের মা বেইলি রোডের একটি ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করে। ওই ফ্ল্যাটেই শিশুটির জন্ম দেয় মেয়েটি। ১ ফেব্রুয়ারি নবজাতককে ফেলে দেওয়ার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মাকে উদ্ধার করে। তখন মা জানায়, নিজের ভগ্নিপতি তাকে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। রমনা থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. হুমায়ুন কবির বলেন, নবজাতকের মায়ের বক্তব্য শুনে ধর্ষণ মামলা করা হয়েছে। নবজাতকের মা (১৬) বাদী হয়ে তার ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করেছে। আসামির মুঠোফোনের কললিস্ট সংগ্রহ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।