সেই নবজাতকের প্রকৃত মা রোজিনা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএনএ পরীক্ষার মাধ্যমে ছয় মাস আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ডক্টরস ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতকের পরিচয় পাওয়া গেছে। মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন শিশুটির জন্মদাত্রী মা। জন্মদানের পরপরই তিনি নিঃসন্তান আত্মীয় মাজেদা খাতুনের কোলে সন্তানকে তুলে দেন।ঢাকা মেডিকেল কলেজ গত ৩০ ডিসেম্বর ঝিনাইদহের ডক্টরস ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক ও তার দাবিদার দুই মা রোজিনা খাতুন ও ক্ষমা বিশ্বাসের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দেয়। সম্প্রতি আদালত প্রতিবেদনটি গ্রহণ করে রায় দেন, শিশুটির প্রকৃত মা রোজিনা খাতুন, ক্ষমা বিশ্বাস নন। এর পরই আদালত শিশুটিকে চুরির অভিযোগে আটক মাজেদা খাতুন ও মহেশপুর উপজেলার সীমা ক্লিনিকের মালিক আসাদুল ইসলামকে জামিনে মুক্তি দেন।এদিকে সন্তানকে ফেরত পেতে আদালতে আবেদন করেছেন রোজিনা খাতুন। শিশুটি বর্তমানে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের ক্ষমা বিশ্বাসের কাছে আছে।তবে ক্ষমা বিশ্বাস ডিএনএ প্রতিবেদন প্রত্যাখ্যান করে শিশুটিকে নিজের হারিয়ে যাওয়া সন্তান বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, ‘চোরের পক্ষ নিয়ে হাসপাতালের লোকজন ওই প্রতিবেদন দিয়েছে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানান, ওই সময়ে প্রাথমিক তথ্য-প্রমাণের ভিক্তিতে বাচ্চাটি উদ্ধার করা হয়েছিল। এখন আদালত যা সিদ্ধান্ত দেবেন, তা-ই হবে। ঝিনাইদহের ডক্টরস ক্লিনিক থেকে গত বছরের ৩১ আগস্ট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী ক্ষমা বিশ্বাসের নবজাতক চুরি হয়। অভিযোগ পেয়ে পুলিশ ওই রাতেই মহেশপুর উপজেলার জুগিহুদা গ্রামের মাজেদা খাতুনের কোল থেকে একটি নবজাতক উদ্ধার করে ক্ষমা বিশ্বাসের কাছে হস্তান্তর করে। কিন্তু ওই শিশুটিকে নিজের সন্তান দাবি করে মহেশপুরের বাঁশবাড়িয়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন মহেশপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।রোজিনা খাতুন জানান, নিজের আরও দুটি ছেলে থাকায় ও সংসারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনা করে নবজাতককে তিনি ক্লিনিক-মালিক আসাদুল ইসলামের মাধ্যমে তাঁরই নিঃসন্তান আত্মীয় মাজেদাকে দেন। সেখান থেকেই পুলিশ আকস্মিকভাবে তাঁর সন্তানকে নিয়ে ক্ষমা বিশ্বাসকে দেয়।