সেই নবজাতকের মৃত্যু, নিঃসন্তান দম্পতিদের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক দিনের নবজাতককে পাওয়ার জন্য বারবার ঢাকার আদালতের বারান্দায় ঘুরেছেন সুইডেন প্রবাসী এক দম্পতি। যাঁরা ২২ বছর ধরে নিঃসন্তান। তাঁদের মতো আরও তিন দম্পতিও নবজাতকের অভিভাবক হতে আদালতে এসেছেন। আজ বুধবার নবজাতকে জিম্মায় দেওয়ার আদেশ দেওয়ার দিন ছিল। কিন্তু সেই নবজাতক মারা গেছে দুই দিন আগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আদালতে চিঠি দিয়ে শিশুর মৃত্যুর খবরটি জানিয়েছে।

ঢাকার শিশু আদালতের পেশকার এনামুল কবীর প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ আদালতে চিঠি দিয়ে ওই নবজাতকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তাকে নেওয়ার জন্য কয়েকজন অনেকবার আদালতে এসেছেন।

নবজাতকের মৃত্যুর বিষয়ে আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া ওই নবজাতক মারা গেছে। এই প্রতিবেদন দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান মনীষা ব্যানার্জি।

সুইডেন প্রবাসী দম্পতি আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, নবজাতকের মৃত্যুর খবর শোনার পর এত খারাপ লাগছে তা বলে বোঝানো যাবে না। শিশুটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন তাঁরা।

এর আগে গত ৯ এপ্রিল ঢাকার শিশু আদালত ওই নবজাতকে বুধবার জিম্মায় দেওয়ার শুনানির দিন ঠিক করেন। সেদিন চার দম্পতিই হাজির হন ঢাকার শিশু আদালতে। বিচারক তাঁদের উদ্দেশে বলেন, বাচ্চা মাত্র একটা। নিতে চাইছেন চার দম্পতি। কিন্তু পাবেন এক দম্পতি। বাকিরা মন খারাপ করবেন না। কিন্তু নবজাতক অসুস্থ বিধায় তিনি আজ (৯ এপ্রিল) কোনো দম্পতির জিম্মায় দেবেন না। সুস্থতা সাপেক্ষে বাচ্চাটিকে জিম্মায় দেওয়ার আদেশ দেবেন।

তবে নবজাতকের শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, নবজাতকটি বিপদমুক্ত নয়। নিবিড় পর্যবেক্ষণে আছে।

গত ১১ মার্চ রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ এলাকার একটি ডাস্টবিন থেকে মেয়েশিশুটিকে উদ্ধার করেন লিলি নামের এক নারী। একটি বাজারের ব্যাগের মধ্যে ময়লা কাপড় দিয়ে প্যাঁচানো ছিল শিশুটি। ওই দিনই লিলি ও তাঁর স্বামী বিপ্লব থানায় সাধারণ ডায়েরি করে শিশুটিকে ভর্তি করান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ঢাকার আদালতে এ-সংক্রান্ত এক প্রতিবেদন জমা দিয়ে বলেছে, হাসপাতালের খাতায় শিশুটির অভিভাবক হিসেবে দেখানো হয়েছে লিলি-বিপ্লব দম্পতিকে। তারাও শিশুটিকে নিজেদের জিম্মায় নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন।

গণমাধ্যমে জেনে সুইডেনপ্রবাসী এক দম্পতি শিশুটিকে তাঁদের জিম্মায় নেওয়ার আবেদন করেন। এ ছাড়া ঢাকায় বসবাসকারী আরও দুজন ব্যবসায়ী দম্পতি আবেদন করেন। আদালত তাঁদের সবাইকে সার্বিক অবস্থা নিয়ে প্রবেশন কর্মকর্তাকে প্রতিবেদন জমা দিতে বলেন। ২৯ মার্চ প্রবেশন কর্মকর্তা কে এম ওবায়দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন দিয়ে বলেন, সুইডেনপ্রবাসী নারীর স্বামী সেখানকার স্বাস্থ্য দপ্তরে চাকরি করেন। তার মাসিক আয় ৩ লাখ টাকা। মিরপুরে বসবাসকারী ব্যবসায়ী দম্পতির মাসিক আয় ৮০ হাজার টাকা। সিলেটের বাসিন্দা ঢাকার শেওড়াপাড়ায় বসবাসকারী দম্পতির মাসিক আয় ১ লাখ ৩০ হাজার টাকা। আর যে দম্পতি নবজাতককে কুড়িয়ে পান তাঁদের মাসিক আয় ৬০ হাজার টাকা।

সুইডেনপ্রবাসী দম্পতি শিশুটিকে তাঁদের জিম্মায় নেওয়ার আবেদনে তাঁরা বলেছেন, তাঁরা শিশুটিকে সুশিক্ষায় প্রতিষ্ঠিত করতে চান। শিশুটি তাঁদের পরিচয়ে বিদেশে বড় হবে। আর কুড়িয়ে পাওয়া দম্পতির দুই ছেলে আছে। তাঁদের বড় ছেলের বয়স ১২ বছর। ছোটজনের ৯ বছর। মেয়ে না থাকায় শিশুটির অভিভাবক হতে চান এই দম্পতি। এ ছাড়া দুই ব্যবসায়ী দম্পতি ১০ বছরের অধিক সময় ধরে নিঃসন্তান। এই দুই দম্পতি বলেন, শিশুটিকে পেলে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন।