সেই নর্থব্রুক হল এখন অবহেলিত পুরাকীর্তি

মোগল স্থাপত্যরীতির সঙ্গে ইউরোপীয় কারুকাজের সংমিশ্রণে গড়া ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যমণ্ডিত একটি স্থাপনা বুড়িগঙ্গা নদীর তীরের নর্থব্রুক হল। বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে প্রকাশিত আলোকচিত্রে সেকালের ঢাকা অ্যালবামে বুড়িগঙ্গা নদীসহ নর্থব্রুক হলের ১৮৮০ সালের এই ছবিটি পাওয়া গেল।
১৮৭৪ সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যরিং নর্থব্রুকের ঢাকা সফর স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া বলছে, ১৮৭২ থেকে ১৮৭৬ সালের মধ্যে নর্থব্রুকের নামানুসারে এর নামকরণ হয়। পরবর্তীকালে হলটিকে একটি গণগ্রন্থাগারে রূপান্তর করে সঙ্গে জনসন হল নামে একটি ক্লাবঘর সংযুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্থানীয় একাধিক সংগঠনের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এলে ১৯২৬ সালের ৭ ফেব্রুয়ারি তাঁকে এই নর্থব্রুক হলেই সংবর্ধনা দেয় ঢাকা মিউনিসিপ্যালিটি। লাল রঙের কারণে স্থানীয় লোকজনের কাছে শুরু থেকেই ভবনটি লালকুঠি হিসেবে পরিচিতি পায়। ভবনের কাছের সড়কটির নাম এখনো নর্থব্রুক হল রোড। বুড়িগঙ্গা তীরের নর্থব্রুক হল আজও টিকে আছে। তবে হল প্রাঙ্গণের ভেতরেই উত্তর দিকে গড়ে উঠেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কার্যালয়, দক্ষিণে ডায়াবেটিক সমিতি এবং সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। মূল নর্থব্রুক হলের ভেতরে আছে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার একটি ভাঙাচোরা সাইনবোর্ড। গেটটি তালাবদ্ধ। ভেতরে আবর্জনা ফেলার কয়েকটি পাত্র। তবে হলটির সেই চূড়া এবং দেয়ালের কারুকাজ এখনো মুগ্ধ করবে যে কাউকে।
লেখা: শরিফুল হাসান, ছবি: মনিরুল আলম, পুরান ছবিটি সংগ্রহ করা